হত্যায় মদদ দেয়ায় বিএনপির ৫ নেতা গ্রেফতার :তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০৯
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে হরতালে মানুষ হত্যা করার মদদদাতা হিসেবে। মানুষ হত্যার দায় তারা এড়াতে পারেন না। দলের শীর্ষনেতা হিসেবে এই দায়ভার তাদের নিতে হবে। আর জননিরাপত্তার দায়িত্ব সরকারের রয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। মানবেন্দ্র নারায়ণ লারমার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, কোনো শর্ত ছাড়া সংলাপের আহ্বান জানানো হলেও বিএনপি তাতে সাড়া না দিয়ে ক্রমাগত হরতাল দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশকে তেঁতুল হুজুর ও যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর কাছে সঁপে দেবার পরিকল্পনা হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। তাদের প্রতিহত করতে হবে।”