কোন নীল নকশাই কাজে আসবে না :মির্জা ফখরুল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে চরম ভরাডুবির বিষয়টি মাথায় রেখেই বর্তমান সরকার নিজেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা তুলে দিয়েছে। এই জন্য স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রধানমন্ত্রী গণমানুষের দাবিকে নির্দয়ভাবে দমন করছেন। তিনি বলেন, গায়ের জোরে জনগণের রায়কে ছিনিয়ে নেয়ার জন্যই নিজের অধীনে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছেন। তবে কোন নীল নকশাই কাজে আসবে না বলে তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ও তার দলের নেতৃবৃন্দ একদিকে সমঝোতা ও সংলাপের অস্পষ্ট কথা বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন, আবার অন্যদিকে বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতার ও বাড়িতে বাড়িতে হামলা করে মূলত জনগণের ভাগ্য নিয়ে তামাশা করছেন। তিনি বলেন, দেশের মানুষ যখন বিদ্যমান রাজনৈতিক সংকটে একটি সমঝোতার জন্য উন্মুখ হয়ে আছে, সন্ত্রাস-সংঘাত ও অস্থিতিশীলতার বর্তমান পরিবেশ থেকে পরিত্রাণের প্রহর গুনছেন, তখন জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে সরকার তার একগুঁয়েমির পুরনো পথেই হাঁটছে। একতরফা একদলীয় নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন থেকে তারা সরে আসেনি। মির্জা ফখরুল বলেন, কোন নীল নকশাই কাজে আসবে না। জনগণের মধ্যে স্বস্তি, শান্তি ও আস্থার ভাব সৃষ্টি করতে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের পথে আসুন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন। তিনি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশী অবস্থান তুলে নিতে এবং নেতা-কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রতি দাবি জানান।