দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’

আপডেট : ২০ মে ২০১৯, ২০:৫৫

প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়তা লাভের পর এবার দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটি। অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী নারীর সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’। দীপ্ত টিভিতে ধারাবাহিকটি শুরু হচ্ছে ২ জুন থেকে। শনি থেকে শুক্রবার, সপ্তাহে ৭ দিন ‘ফাতমাগুল’ রাত ৯টা ৩০ প্রচার হবে। সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলিদর। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিলো না ফুলের কোমলতার ছোঁয়া। সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবী মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। ওর সান্ত্বনা শুধু একটাই। ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে। এমনই এক ঘটনা নিয়ে এগিয়ে চলে ধারাবাহিকটির কাহিনি।