‘পেশা হিসেবে উপস্থাপনার
জনপ্রিয়তা আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই’
রুমানা হক
সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার,
এটিএন বাংলা
অনেকেই মিডিয়া সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন। মিডিয়া সম্পর্কে তার নিজেরও খুব একটা ইতিবাচক ধারণা ছিল না। কিন্তু মিডিয়ায় কাজ করতে এসে তার সে ধারণা পাল্টে যায়। বন্ধুর মতো এখানে সবাই সবার কাজে সহযোগিতা করে। সুন্দর পরিবেশ আর কাজের প্রতি ভালোলাগা থেকেই রুমানা আফরোজ এটিএন বাংলায় কাটিয়ে দিলেন তার পুরো ক্যারিয়ার। উপস্থাপনা পেশাটির সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বেশ আশাবাদী হয়ে বলেন, ‘আমাদের দেশে উপস্থাপনা বর্তমানে খুবই জনপ্রিয়। মেয়েরাও অনেক বেশি এগিয়ে আসছে এ পেশায়। নতুন নতুন মেধাবী মুখ এগিয়ে আসার ফলে অদূর ভবিষ্যতে উপস্থাপনা একটি ভালো পেশায় পরিণত হবে। সেইসাথে এর জনপ্রিয়তাও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই।’ নতুন যারা উপস্থাপনায় আসছে, তাদের মাঝে অনেকেই বেশ ভালো করছে বলে মনে করেন রুমানা। রুমানা মনে করেন, উপস্থাপনায় যারা আছেন, তাদের সবার উচিত খ্যাতনামা দেশি এবং বিদেশি নির্মাতাদের অনুষ্ঠান প্রচুর পরিমাণে দেখা এবং তাদেরকে অনুপ্রেরণার উত্স হিসেবে গ্রহণ করে অগ্রসর হওয়া। একইসাথে একজন উপস্থাপককে অবশ্যই সমকালীন পৃথিবী সম্পর্কে জানাশোনার পরিধি বাড়াতে হবে। ভালো উপস্থাপকরাই পারবেন এ পেশার জনপ্রিয়তা বাড়াতে।’
০০০
‘সবাই উপস্থাপনা করতে পছন্দ করেন কিন্তু শিখতে বা চর্চা
করতে চান না’
শামস উজ জোহা
উপস্থাপক ও সম্প্রচার সাংবাদিক, কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশন
উপস্থাপক বলতে যে প্রচলিত ভাবনা আছে, তার থেকে আরও এগিয়ে তিনি এই পেশাকে পরিপূর্ণ ব্রডকাস্টার হিসেবে ভাবতে চান। আর চ্যালেঞ্জটা সেখানেই আছে বলে মনে করেন শামস উজ জোহা। উপস্থাপনা সম্পর্কে তিনি বলেন, ‘পেশা হিসেবে উপস্থাপনা বেশ জনপ্রিয়। অনেকেই এ পেশা পছন্দ করেন। এ পেশায় আসতে চান। অনেক রেসপন্স পাওয়া যায় এ পেশায়। কিন্তু এটি এখনও পেশা হয়ে ওঠেনি। আর এর ভবিষ্যতও খুব একটা আশাপ্রদ নয়। কারণ, সংবাদ বা অনুষ্ঠান উপস্থাপনার কাজটিকে এককভাবে পেশা নয়, বরং বাড়তি একটি কাজ হিসেবে সবাই করতে আগ্রহবোধ করছেন। প্রতিষ্ঠানগুলোও এটিকে সেভাবেই বিবেচনা করছে। এ কারণগুলোই এ পেশার উন্নয়ন-প্রতিবন্ধক। আরও একটি বিষয়—এই কাজটি সবাই করতে পছন্দ করেন কিন্তু শিখতে বা চর্চা করতে চান না। এজন্যই এ পেশার ভবিষ্যত্ এত প্রতিষ্ঠান গড়ে ওঠার পরও ভালো অবস্থানে দাঁড়াচ্ছে না।’ তিনি জানালেন, এই পেশাকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে, এটিকে একটি পরিপূর্ণ পেশা হিসেবে গ্রহণ করা। আর একজন ভালো উপস্থাপকের অবশ্যই ভালো পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। এজন্য দেশ ও দেশের বাইরের অনেক চ্যানেল খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে করে নিজেকে তৈরি করতে হবে। আর উপস্থাপনায় যারা আগ্রহী তাদের এ বিষয়ে প্রশিক্ষণ নেওয়াটা জরুরি। যদিও এ দেশে এখনও এ বিষয়ে তেমন প্রাতিষ্ঠানিক
পড়াশোনার সুযোগ নেই। আশা করি ভবিষ্যতে এ সুযোগ সৃষ্টি হবে।’
০০০
‘যেকোনো বিষয় উপস্থাপন করার মাঝে একটি সুদৃঢ় শৈল্পিক গুণ রয়েছে’
পারিহা লিমা
প্রোগ্রাম প্রেজেন্টার,
আরটিভি
‘যখন কোনো অনুষ্ঠানে কাউকে সুন্দর করে কথা বলতে দেখতাম, তখন থেকেই আমার চেষ্টা ছিল গুছিয়ে কথা বলার। একটা সময় আমার মনে হলো, এ কাজটিই আমার জন্য মানানসই’, একজন উপস্থাপকের আসনে নিজেকে দেখার আগ্রহের কারণ ছিল তার এমনই সহজ-সরল। পেশা হিসেবে উপস্থাপনার বর্তমান অবস্থান সম্পর্কে পারিহা বলেন, ‘আমাদের দেশে উপস্থাপনা এখন অনেক জনপ্রিয়। তবে আরও জনপ্রিয় হতে পারে। তরুণেরা অনেকেই আগ্রহী হয়ে উঠছে উপস্থাপনার প্রতি। আমাদের পরে যারা এই পেশায় আসছে তারা অনেকেই ভালো করছে। ভালোবেসে লেগে থাকলে, এই পেশায় আরও ভালো করা সম্ভব।’ ভবিষ্যতে এই কাজের ক্ষেত্রেটি কেমন দেখতে চান জানতে চাইলে পারিহা বলেন, ‘উপস্থাপন করার মাঝে একটি সুদৃঢ় শৈল্পিক গুণ রয়েছে। কিন্তু শুধুমাত্র গ্ল্যামারের উপর ভর করে উপস্থাপনা খুব বেশি দূর এগোতে পারে না। এই কাজের প্রতি ধৈর্য, নিষ্ঠা ও সততা থাকতে হবে। সেইসাথে অবশ্যই পড়াশোনা জানা থাকতে হবে। উপস্থাপনার জন্য আর যে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো সমকালীন বিষয়ের উপর ধারণা রাখতে হয়। এগুলো না হলে এটা শুধুমাত্র অপারেটিং ছাড়া কিছুই মনে হবে না। সামনের দিনগুলোতে পেশা হিসেবে উপস্থাপনা আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছবে এমনটাই আমি বিশ্বাস করি।’
