প্রজন্ম আয়োজন

য খ ন নি ঃ শ ব্দ শ ব্দ কে খা বে

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ১৯:৫৫
বাংলার প্রাকৃতিক পরিমণ্ডলে পল্লীর সবুজ ছোঁয়া প্রাণের প্রস্তুতি, জীবনের আহ্বানে মিলিত মৌলিকত্বে প্রকৃতির খণ্ড উপমার অস্তিত্বের চেতনাই যেন প্রকাশ পেয়েছে ‘যখন নিঃশব্দ শব্দকে খাবে’ শিরোনামে এ প্রদর্শনীতে। আবহমান বাংলার এই শাশ্বত রূপকে তাদের চিত্রকর্মে তুলে এনেছেন এ প্রজন্মের দুই শিল্পী মোজাই জিভান ও সমীর মজুমদার। এ নিয়ে আমাদের এবারের আয়োজন। বরেণ্য শিল্পী এস এম সুলতানের কাছে চিত্রকলার হাতেখড়ি সমীর মজুমদারের। আর জিভান সাফোরি শিল্পকর্মে বাংলাদেশের বিভিন্ন লোক, পৌরাণিক এবং প্রতীকাশ্রয়ী কাহিনী ফুটিয়ে তোলেন। দুজনেই ফেডারেল আর্টিস্ট ইউনিয়ন অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ভিলেজ অব আর্ট মুভমেন্টের সক্রিয় কর্মী। তাদের দু জনের সম্মিলিত প্রয়াসে সাংস্কৃতিক কেন্দ্র ও আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে ‘যখন নিঃশব্দ শব্দকে খাবে’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পী সমীর মজুমদারের ২১টি, মোজাই জিভান সাফোরির ৩২টি এবং দুই শিল্পীর সম্মিলিত ২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শিল্পী সমীর মজুমদার ১৯৭০ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তার ১টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বেশ কিছু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। গ্রামীণ জীবন নিয়ে ছবি আঁকতে ভালোবাসেন। শিল্পী মোজাই জিভান সাফোরি ১৯৯২ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। জিভান তার শিল্পকর্মে বাংলাদেশের বিভিন্ন লোক, পৌরাণিক এবং প্রতীকাশ্রয়ী কাহিনী ফুটিয়ে তোলেন। সমীর এবং জিভান দুজনেই ফেডারেল আর্টিস্ট ইউনিয়ন অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ভিলেজ অব আর্ট মুভমেন্টের সাথে জড়িত। গত ৩০ অক্টোবর থেকে এ প্রদর্শনী শুরু হয়েছে। বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেখট কোনজি। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সলিমুল্লাহ খান, শিল্পী মোজাই জিভান সাফোরি, শিল্পী সমীর মজুমদার, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।