বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল ভোলা শহরের দক্ষিণাংশে এক জনবহুল এলাকায় অবস্থিত। এ বাস টার্মিনাল থেকে ভোলা জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও গঞ্জে প্রায় ১৫১টি’র মতো বাস চলাচল করে। ভোলা থেকে বরিশাল, লক্ষ্মীপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও যশোরসহ বিভিন্ন জেলায় অনেকগুলো রুটে নিয়মিত বাস চলাচল করে। এছাড়া ছোট ছোট পরিবহন যেমন মিনিবাস, টেম্পো, অটোরিক্সা, ইত্যাদির মাধ্যমে বিভিন্ন স্টেশনে হাজার হাজার লোক যাতায়াত করে। এখানে ফায়ার সার্ভিস স্টেশন, জেলা কৃষি অফিস, জেলা মত্স্য অফিস, আনসার ভিডিপি ক্যাম্পসহ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
এ বাস টার্মিনালকে কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট ব্যবসা কেন্দ্র। কিন্তু পরিতাপের বিষয়, এখানে কোনো পাবলিক টয়লেট নেই। বাস টার্মিনালের পেছনে একটি টয়লেট আছে যা অনেক দূরে এবং লোকচক্ষুর আড়ালে এবং নোংরা, দরজা-জানালা ভাঙা, ব্যবহার অনুপযোগী। এখানে একের পর এক মার্কেট গড়ে উঠেছে। কিন্তু মার্কেটগুলোতে টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে না। যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে লোকজন। এ অবস্থায়, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য আশু উদ্যোগ নিতে ভোলা পৌরসভার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আলহাজ ইফতেখার উদ্দিন আহম্মদ মামুন,
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল
ভোলা সদর, ভোলা
