বরিশালে কৃষকের থেকে ধান ক্রয় শুরু

আপডেট : ২০ মে ২০১৯, ২১:২৯

বরিশাল অফিস

প্রতি মণ এক হাজার চল্লিশ টাকা দরে বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান কেনা কর্মসূচি শুরু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে জেলার সদর ও গৌরনদী উপজেলায় এই ধান কেনা শুরু করে খাদ্য অধিদপ্তর।

সদর উপজেলায় ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। যাদের কৃষি কার্ড রয়েছে, কেবল তাদের কাছ থেকে বর্তমান বাজার দরের চেয়ে দ্বিগুণেরও বেশি মূল্যে এই ধান ক্রয় করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১৪১ মেট্রিক টন ধান আর জেলায় মোট ১৫শ’ ৮৭ মেট্রিক ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তারা কৃষকদের কাছে চিটা ও ময়লা মুক্ত ১৪ ভাগ আদ্রতার ধান সংগ্রহ করে সংরক্ষণ করবেন। কৃষি অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছেন।  এ বছর ধান কেজি প্রতি ২৬ টাকা এবং চাল প্রতি কেজি ৩৬ টাকায় ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।