মিস ইউনিভার্স হলেন ভেনিজুয়েলার সুন্দরী গ্যাব্রিয়েলা

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৬
ভেনিজুয়েলার সুন্দরী গ্যাব্রিয়েলা ইজলার এবারের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। শনিবার রাতে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একে একে ৮৬ টি দেশের সুন্দরীকে পেছনে ফেলে তিনি সেরা সুন্দরীর মুকুট মাথায় পরেন। ইজলারকে মুকুট পরিয়ে দেন ২০১২ সালের মিস ইউনিভার্স মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো। প্রথম রানার-আপ নির্বাচিত হন স্পেইনের প্যাট্রিসিয়া রডরিগেজ। ইজলারকে এক টুইটার বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। শেষ ৬টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার মধ্যে এই নিয়ে তৃতীয় বারের মতো সেরা সুন্দরীর মুকুট ভেনিজুয়েলার ঘরে গেল। ২৫ বছর বয়সী এ সুন্দরী পেশায় একজন টিভি উপস্থাপিকা। গত বছর মিস ভেনিজুয়েলা খেতাব পান তিনি। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বিচারক রকস্টার স্টিভেন টেইলর গাব্রিয়েলাকে বিজয়ী ঘোষণা করেন। তিনি সাংবাদিকেদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। নির্বাচিত হতে পেরে আমি অনেক বেশি সৌভাগ্যবান। এখানে থাকতে পেরে আমার ভালো লাগছে। মিস ইউনির্ভাস নির্বাচিত হওয়াটা অনেক বেশি মজার এবং অনেক বড় একটা সফলতা।’