মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন আবারো স্থগিত

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৮
মালদ্বীপের শীর্ষ আদালত গতকাল রবিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন আবারো স্থগিত ঘোষণা করেছে। এ নিয়ে দুই মাসের মধ্যে নির্বাচন তিনবার স্থগিত করা হলো। ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সংকট নিরসনে বিলম্ব হলে দেশটি ক্ষতিগ্রস্ত হবে এবং এর নাজুক অর্থনীতি ভেঙ্গে পড়বে। শনিবার প্রথম দফা নির্বাচনে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ৪৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফায়ও বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছিলো। সাবেক শাসক মামুন আবদুল গাইয়ুমের সত্ ভাই আবদুল্লাহ ইয়ামিন প্রথম দফা নির্বাচনে ৩০ শতাংশ ভোট পান। দ্বিতীয় দফায় তার সঙ্গেই নাশিদের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিলো। তবে নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া প্রার্থী শনিবার বলেন, প্রথম ও দ্বিতীয়ের মধ্যে কাকে ভোট দেবে তা সিদ্ধান্ত নিতে তার সমর্থকদের আরো সময় প্রয়োজন। গতকাল দ্বিতীয় দফা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সুপ্রিম কোর্ট নির্বাচন ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করে। ১১ নভেম্বরের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা সত্ত্বেও আদালত এ ঘোষণা দেয়। আদালতের সিদ্ধান্তে বলা হয়, সকল রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যে, আজকের নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না।