জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবী। এতে তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম বলেন, অভিযোগ আমলে নেয়া হবে কিনা এ বিষয়ে ট্রাইব্যুনাল আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য করতে পারেন।
আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী কায়সার ১৯৭১ সালে হবিগঞ্জ শান্তি কমিটির সদস্য ছিলেন। পাকিস্তানি সেনাদের সহায়তার জন্য তিনি নিজের নামে একটি বাহিনীও গঠন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অপরাধে জড়িত ছিলেন। বিশেষ বিবেচনায় কায়সার শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।
নিজামীর আবেদন খারিজ
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য সময় চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আজ যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১।
