নীলফামারীর উত্তরা ইপিজেডে মজুরি বৃদ্ধি, আইডি কার্ড প্রদান, ছয় মাস পরে চাকরি স্থায়ীকরণ, ওভারটাইম ও জরুরি ছুটি প্রদানের দাবিতে আন্দোলনে নেমেছে প্রায় ১৫ হাজার শ্রমিক। গত কয়েকদিন ধরেই এসব দাবি নিয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। কিন্তু সাড়া না পাওয়ায় গতকাল রবিবার তারা আন্দোলনে নামে। এর ফলে তিনটি কারখানার উত্পাদন বন্ধ হয়ে গেছে। এগুলো হলো এভারগ্রীন, ডায়াস ও উত্তরা স্যুয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন শ্রমিক আহত হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
