খাটো চুলের কাটছাঁট

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৪৮
ট্রেন্ড দীঘল কালো রেশমি চুল কে না ভালোবাসে? একসময় এই রকম চাওয়া ছিল প্রত্যেক মেয়ের। এখন যুগ পাল্টেছে। চুলে এসেছে নতুন ধরন, লম্বা চুলের পাশাপাশি মেয়েরা পছন্দ করছে খাটো চুল। চুল যে ধরনের হোক না কেন তার চাই সঠিক পরিচর্যা। চুলকে স্বাস্থ্যোজ্জ্বল আর আকর্ষণীয় করতে করুন এর পরিচর্যা। চুলের পরিচর্যা করতে মেয়েরা ছোটে বিভিন্ন পার্লারে। যারা খাটো চুল রাখতে চান, তাদের জন্য চুল কীভাবে কাটা হচ্ছে, তা বিশেষ গুরুত্বপূর্ণ। মানানসই কাট চাই। চেহারায় নতুনত্ব চাই। নতুন লুক আনার এই ইচ্ছাটি পূরণ করতে সুন্দর চুলের একটি কাটই যথেষ্ট। তবে যে স্টাইলেই চুল কাটান না কেন, আপনার সঙ্গে মানানসই না হলে সব চেষ্টা বৃথা। চুল কাটার সবচেয়ে বড় শর্তই হচ্ছে এটি। আপনার জীবন যাপন, ব্যক্তিত্ব, চেহারা এবং সামলানোর ক্ষমতার সঙ্গে তাল মিলিয়েই চুল কাটা উচিত। সামার কাট পেছনে ছোট রেখে সামনের দিকে একটু বড় রাখার স্টাইলটি সামার কাট। গোলাকার চেহারা, স্বাস্থ্য একটু ভালো এবং সোজা চুলের অধিকারীদের বেশ মানাবে কাটটি। তবে চুল যদি হয় রিবন্ডিং করা, তাহলে এ কাটের দিকে না যাওয়াই ভালো। ব্ল্যাংক কাট কমবয়সী মেয়েদের জন্য এ কাটটি মানানসই। ঢেউ খেলানো অথবা সোজা চুলের সৌন্দর্য বাড়াবে এটি। ওভাল, গোলাকার এবং চারকোনা চেহারায় ভালো লাগবে এ কাটটি। তবে লম্বা চেহারায়ও মন্দ লাগবে না। সেক্ষেত্রে চুল একটু বেশি লম্বা হলে ভালো। ইমো কাট ফাংকি ফ্যাশনেবল স্টাইল—ইমো কাটকে এভাবেও বলা যায়। টিনএজ মেয়েদের জন্য এটি বেশি মানানসই। ওপরের দিকের চুল ছোট করে কাটা থাকবে। একটি চোখ প্রায় পুরোটাই ঢাকা থাকবে ব্যাংগস করে কাটা চুলের নিচে। পেছনের চুলে অনেক বেশি লেয়ার থাকবে। সোজা এবং ঢেউ খেলানো চুলে বেশ ভালো লাগবে এটি। ইমো কাটের সঙ্গে মোটা করে কাজল লাগালে দেখতে সুন্দর লাগে। ইমো কাটে পেছনের চুল অন্তত ঘাড় পর্যন্ত যেন থাকে, সেদিকে খেয়াল রাখুন। পিক্সি কাট চুলগুলো খুব একটা গুছিয়ে রাখতে পছন্দ করেন না অনেকেই। তাদের জন্য পিক্সি কাট। ঘাড় পর্যন্ত চুল রেখে সামনের দিকে কপাল ঢেকে রাখবে এটি। কানের দুই পাশ দিয়েও থাকবে ছন্দময় কাট। টিনএজারদের জন্য কাটটি বেশি মানানসই। পাশ্চাত্য পোশাক এবং শাড়ির সঙ্গে দেখতে ভালো লাগবে। যাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির বেশি, তারা এ কাটটিতে না গেলেই ভালো। ঢেউ খেলানো চুলে মানাবে ভালো। বব কাট টিনএজারদের বব কাটটি ভালো মানাবে। সব ধরনের চেহারার সঙ্গেই যাবে এটি। একটু বয়স্কদের জন্য ক্লাসিক বব কাট বেশি মানানসই। এ ছাড়া যাদের চেহারা লম্বাটে ধাঁচের, তাদের জন্যও কাটটি মানানসই। ব্যাংগসের জাদু ওভাল চেহারায় ব্যাংগস মানানসই। উচ্চতায় ছোট যারা, তারা একটু ছোট করে, আর যারা লম্বা তারা একটু লম্বা রাখতে পারেন। ব্যাংগস বিভিন্নভাবে কাটা যায়। সাইড ব্যাংগস, সোজা ব্যাংগস, ছোট ব্যাংগস, বড় ব্যাংগস, পুরো কপাল ঢেকে রাখার ব্যাংগস। কোঁকড়া চুলের মোহনীয়তা কোঁকড়া চুলের সৌন্দর্যই অন্যরকম। এ চুলের অধিকারীরা চুল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করলেই ভালো। স্ট্রেট লেয়ার কাটে থাকলেই দেখতে বেশি ভালো লাগবে। সেটা যেকোনো চেহারার সঙ্গেই মানিয়ে যাবে। তবে চেহারাবিশেষে চুল একটু ছোট-বড় হবে। স্কুলপড়ুয়াদের উদ্দেশে স্কুলপড়ুয়া মেয়েদের উচিত যতটা সম্ভব সাধারণভাবে চুল কাটা। লেয়ার, ব্যাংগস, স্টেপ যতটা সম্ভব কম করতে হবে। এতে করে টিনএজ লুকটি বজায় থাকবে। এই সময়ে চুলের যত্ন নিন বিশেষভাবে। তৈলাক্ত খাবার কম খাবেন। পানি, সবজি, ফল বেশি করে খান। প্রয়োজন হলে প্রতিদিন শ্যাম্পু করুন। চুল পরিষ্কার রাখতে হবে ঠিকমতো। তিন-চার মাস পরপর শ্যাম্পু বদলে ফেলুন।