সাফল্যের জন্য চাই সঠিক সিদ্ধান্ত

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৪৯
‘সঠিক সিদ্ধান্ত’ শব্দ দুটো আপাতত নিরীহ কিন্তু অফিসের সমস্যার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর নির্ভর করে কাজের সাফল্য। জেনে নিই অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সহজ উপায় মিশু যে ভীষণ ডেডিকেটেড ওয়ার্কার। সেটা নিয়ে অফিসের কারও কোনো সন্দেহ নেই। সেইজন্য অফিস কর্তৃপক্ষ ওকে প্রোমোশন দিয়েছেন। দলের প্রধান হিসেবে মিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ক্লায়েন্ট অর্গানাইজেশনের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সময় কী কী শর্ত রাখতে হবে, ঠিক সময় কাজ না শেষ হলে কী সিদ্ধান্ত নিতে হবে, জরুরি সময়ে কীভাবে সবকিছু সামাল দিতে হবে—প্রতি পদক্ষেপে মিশুর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে প্রতিষ্ঠানের মর্যাদা। মিশুর মতো যারা অফিসে দায়িত্বপূর্ণ চেয়ার সামলান, তারা সবাই জানেন সঠিক সিদ্ধান্ত কাজের ক্ষেত্রে কতটা জরুরি। আসলে প্রত্যেকটা মানুষের মতোই কাজেরও একটা বিশেষ চরিত্র রয়েছে। কখনো সরল, কখনোবা জটিল। ঝুটঝামেলা ছাড়াই কোনো সময়ে শেষ হয়ে যায়, আবার কখনো প্রতি মুহূর্তে নিতে হয় কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত। অফিসের কাজের ব্যাপারে চপটপ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় সব সময়। অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়ার আগে মনে রাখুন কয়েকটা সহজ উপায়। কী করবেন  সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন ঠান্ডা মাথার। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যান্য যা কিছু কাজ হাতে রয়েছে, খানিকক্ষণের জন্য সরিয়ে রাখাই ভালো। আবেগের বদলে উপস্থিত বুদ্ধি এবং যুক্তির প্রয়োগ করুন।  যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের রিসোর্স ভালো করে খতিয়ে দেখুন। যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, সেই অনুযায়ী যাতে কাজটা ঠিকমতো হয়, তার দায় কিন্তু আপনার উপরেই পড়বে। হাতে সময় কম থাকলেও ছোট করে হিসেব করে নিন যে কাজটাকে যথাযোগ্য মর্যাদা দিতে পারবেন কি না। আপনার সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষের মতামত নিজের ডায়রিতে লিখে নিলেও সুবিধে হবে। এমন যদি মনে হয় যে, সময়ের অভাবে বা অন্য কোনো কারণের জন্য কাজের মান মনের মতো হবে না, তাহলে কাজটা হাতে না নেওয়াই ভালো। কখনই নিজের রেপুটেশন কোনোভাবেই প্রভাবিত হতে দেবেন না।  আপনার সহকর্মীদের মধ্যে যারা অভিজ্ঞ এবং কাজের ব্যাপারে ইতিবাচক মনোভাব রাখেন, তাদের সঙ্গে ইনফর্মাল মিটিং করে নিতে পারেন। তাদের পরামর্শ অবশ্যই নিন। তাদের সাজেশন মনে রাখুন। কিন্তু শেষ সিদ্ধান্তটা যেহেতু আপনাকেই নিতে হবে, সেইজন্য একবার কাটাছেঁড়া করে নিতে ভুলবেন না।  কাউকে খুশি করার জন্য তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেবেন না। অসুবিধায় তো পড়বেনই সঙ্গে সঙ্গে কাজটাও ভালো হবে না। মাথা ঠান্ডা করে ধীরস্থিরভাবে সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিন। মডেল মাসুদা ছবি দীপঙ্কর দীপু