ঠাণ্ডা ঠাণ্ডা ক্রিম... নিউজিল্যান্ডের আইসক্রিম

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫০
ফুডজোন দুধের জন্য বিশ্বখ্যাত নিউজিল্যান্ড। আর সেই দেশের আইসক্রিম যে সুস্বাদু হবে, তা আর বলার অবকাশ নেই! নিউজিল্যান্ডের সেরা আইসক্রিম এখন ঢাকায়। অবাক হওয়ার কিছু নেই, বনানী ১১ নম্বর সড়ক ধরে কিছুদূর এগোলেই চোখে পড়বে সুন্দর সাজানো-গোছানো এক আইসক্রিম পার্লার। ক্রিমি আইসক্রিম, মিল্ক শেক অথবা জিভে জল আনা স্মুথি পরখ করতে প্রতিদিন সেখানে হাজির হচ্ছেন আইসক্রিমপ্রেমীরা। বলছি নিউজিল্যান্ড ন্যাচারালের কথা। আলোচকচিত্রী দীপঙ্কর দীপুকে সাথে নিয়ে ঘুরে এসেছেন সাজেদুল ইসলাম শুভ্র আউটলেটে ঢুকতেই মিষ্টি একটি গন্ধে মুগ্ধ করবে আপনাকে। চকলেট নাকি বিস্কিট নাকি অন্য কোনো কিছুর ঘ্রাণ এটি? আরাম করে সোফায় বসে পাতা উল্টাতে উল্টাতে পরখ করে দেখলাম মেন্যুটা। এ তো শুধুই আইসক্রিম নয়, তার চেয়েও বেশি কিছু। প্রতি পাতায় রঙিন আইসক্রিম, যার পুরোটাই সাগর পাড়ি দিয়ে আপনার জন্যই এসেছে সুদূর নিউজিল্যান্ড থেকে। বিভিন্ন ফ্লেভারের স্কুপ থেকে বেছে নিন আপনার পছন্দেরটা। ব্যবস্থাপক ইয়াদ উল ইসলাম আপনাকে প্রতিটা আইসক্রিমের বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দেবেন সুন্দর করে। চাইলে পরখ করে দেখতে পারেন নিজের আইসক্রিম তৈরির প্রক্রিয়াটাও। দামটা নিয়ে এবার বলি, মেন্যুতে সবগুলো দামই ভ্যাটসহ উল্লেখ করা রয়েছে। কাজেই যোগ-বিয়োগ করার অংকটা বাদ দিয়ে সহজেই মিলিয়ে নিতে পারেন বাজেটের সাথে। এক স্কুপ ২০০ টাকা আর ডাবল ৩৫০, তিন ফ্লেভারের তিনটি নিলে ৫০০ টাকা গুনতে হবে আপনাকে। আর অতিরিক্ত কোনো টপিং বা কোন চাইলে মাত্র ৫০ টাকা গুনতে হবে আপনার। এখানকার চকলেট ডিম বা কুকি ডিলাইট খুব পছন্দ করেছেন সবাই। বেরি হ্যাভেন অথবা ব্যানানা স্পলিটের এক সারি আইসক্রিম আপনি উপভোগ করতে পারেন একা বা বন্ধুর সাথে। এক সারি বলতে পরপর তিনটি স্কুপ অনেকরকম টপিং দিয়ে হাজির হবে আপনার কাছে, চাইলে সাথের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন দিব্যি। নিউজিল্যান্ড ন্যাচারালে শুধুই যে আইসক্রিমের স্কুপ খাবেন পেট পুরে তা কিন্তু নয়, যারা নিয়মিত যান, তাদের কাছে এদের মিল্ক শেকটা দারুণ পছন্দের। ২০০ থেকে শুরু হয়েছে দামগুলো, ৪০০ পর্যন্ত থাকছে বিভিন্ন ফ্লেভারে। যারা একটু আইসক্রিমের পরিমাণটা দুধের সাথে বেশি চান, চেখে দেখতে পারেন থিক শেক। দামটা একটু বেশি মনে হলেও ষোল আনা স্বাদই পাবেন আপনি। যারা স্মুথি পছন্দ করেন, তাদের জন্য নতুন এক দুয়ার উন্মোচন করেছে তারা; বেরি, ম্যাঙ্গো অথবা স্ট্রবেরি, স্মুথিগুলো পাবেন ২৫০ থেকে ৫৫০ টাকার ভেতরে। হয়তো কোনো একদিন খেতে গেছেন নিউজিলান্ড ডেইরিতে, তখন চাইলে আইস্ক্রিমের ক্রিমি স্বাদটা বাসায় নিয়ে আসতে পারেন আপনি। ৭৫০ আর ১৫০০ টাকার দুটো পার্সেল সিস্টেম রয়েছে তাদের। এবার আসি তাদের ব্যবস্থাপনায়। চার তরুণ উদ্যোক্তার প্রয়াসে দেশে এসেছে বিশ্বসেরা এই ব্র্যান্ড। প্যানোপ্লি ফুডস লিমিটেডের চেয়ারম্যান এসএম শফিউল সালেহ, ব্যবস্থাপনা পরিচালক হাসান মো. শাহরিয়ারের সাথে পরিচালক হিসেবে আছেন কায়সার মো. রশিদ, নাজমা রহমান। বাংলাদেশে আইসক্রিমের চাহিদার কথা মাথায় রেখেই বিশ্বের ৩৫টি উন্নত দেশের সাথে এখন আমরাও পাচ্ছি তাদের স্বাদ। কোথায় :বাসা-১০০, প্রথম ফ্লোর, রোড-১১, বনানী, ঢাকা। কবে যাবেন :সপ্তাহের যেকোনো দিন, সকাল ১০টা থেকে রাত ১১টা, ছুটির দিনে আরও বেশি রাত অবধি খোলা থাকে নিউজিল্যান্ড ডেইরি। বিশেষ সুবিধা :ব্র্যাক ব্যাংকের যেকোনো কার্ডের মাধ্যমে এখানে পাবেন ডিসকাউন্ট সুবিধা। পরিচালকের বক্তব্য :পরিচালক কায়সার মো. রশিদ বলেন, ‘সরাসরি বাইরে থেকে আনার ফলে মানটা অটুট থাকে সারা বিশ্বে একসাথে। আর অন্য আইসক্রিমের সাথে তফাতটা বুঝতে আপনাকেই পরখ করে দেখতে হবে স্বাদটা। আস্তে আস্তে ঢাকার অন্য জায়গাতেও ছড়িয়ে যাবে বিশ্বমানের এই আইসক্রিম।’