বাঁধিয়ে রাখুন ছবি

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫২
টিপস ছবি মানেই জীবনের স্মৃতিকে ধরে রাখা। ছবির ক্যানভাসে ভেসে ওঠে হাসি-কান্না, সুখ-দুঃখের প্রতিচ্ছবি। ছবি দেখেই একজন নস্টালজিয়ায় চলে যেতে পারেন একশ কিংবা হাজার বছর পেছনেও। তাই ছবিকে ধরে রাখার প্রয়াস কমবেশি সবারই থাকে। অনেক সময় কারও কারও জন্য একটা ভালো ছবি জীবনের প্রেরণাও হয়ে ওঠে। দাদা-দাদী, বাবা-মায়ের সঙ্গে কারও ছবি থাকলে কিংবা জীবনে কোনো পুরস্কার পেলে, তা বাঁধিয়ে রাখার জন্য অনেকেই আগ্রহ দেখান। কেননা, এমন মুহূর্ত জীবনে দ্বিতীয়বার নাও আসতে পারে। পুরস্কারপ্রাপ্তির ছবি তো চাইলে যখন-তখন পাওয়া যাবে না। বিখ্যাত ব্যক্তির সঙ্গে ছবি তুললেও তা অনেকেই বাঁধাই করে রাখেন। এসব ছবি বাঁধাই করতে চাইলে প্রথমে ছবি নির্বাচন করুন। যে ছবি বাঁধাই করতে চান তাকে বড় করে নিতে হবে। স্টুডিওতে কিংবা ল্যাবে যোগাযোগ করলেই তারা বলে দেবেন কোন সাইজে নিজের ছবিকে দেখতে চান। পছন্দসই ছবির মাপ বললে তারা তা আপনাকে করে দেবেন। সাধারণত ১০আর কিংবা ১০এল থেকে শুরু করে ৩০x৩৬ সাইজের ছবি তৈরি করে দেন। এই ছবিকে লেমিনেটিং করেও রাখেন অনেকে। লেমিনেটিংয়ের পাশাপাশি ছবি বাঁধাই করে রাখতে পারলেও তা দীর্ঘমেয়াদি হয়। ছবি বাঁধাইয়ের জন্য আপনার পছন্দের ফ্রেম কিনেও দিতে পারেন। এ ছাড়া যারা ছবি বাঁধাই করেন, তাদের কাছে নানারকমের ফ্রেম পাবেন। এসব ফ্রেম কিনে মজুরি দিলেই তারা আপনার মনের মতো ছবিটাকে বাঁধিয়ে দেবেন আকর্ষণীয় করে। আপনার ছবিও থাকবে দীর্ঘদিন মজবুত ও সুন্দর। এসব ছবি বাঁধাই করতে পারবেন ১০০ টাকা থেকে ৪২ হাজার টাকার মধ্যে। ছবি বাঁধাইয়ের জন্য ঢাকার নিউমার্কেট মৌচাক মার্কেট থেকে মালিবাগের মাঝে, পল্টন এলাকা, মগবাজার, মিরপুর এলাকায় যোগাযোগ করতে পারেন। ছবি বাঁধাই করতে চাইলে তাদের মতামত নিয়ে নেবেন। ভালো ফ্রেম দিয়েই ছবি বাঁধাই করা জরুরি। তা না হলে অল্প সময়েই দেখবেন, ফ্রেমে ঘুণে ধরে ছবি নষ্ট হয়ে গেছে। তাই সাবধান থাকুন আগে থেকেই। আর দেরি করছেন কেন? আজই আপনার পছন্দের ছবিকে বাঁধাই করে ড্রইং কিংবা বেডরুমে সাজিয়ে রাখুন। আর আনন্দানুভূতিতে প্রতিদিন জেগে উঠুন।