সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মহাজোট সরকারের অন্য মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর থেকে সংবিধান অনুযায়ী তারা আর মন্ত্রী নন। পদত্যাগীরা এখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলে কিংবা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করলে তা হবে অবৈধ ও অসাংবিধানিক।
গতকাল সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের আহবান জানান।
সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এবিএম ওয়ালিউর রহমান খান, রফিকুল ইসলাম তালুকদার রাজা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, আবেদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে গ্রেফতারকৃত বিএনপির ৫ নেতার মুক্তি দাবি করে বলা হয়, এরা দেশের প্রবীণ রাজীতিবিদ। কিন্তু যেভাবে পুলিশের ভ্যানগাড়িতে দাঁড় করিয়ে তাদের ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তা অমানবিক।
