বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সেনা সদর দফতরের ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল আবুল হোসাইনকে রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি মেজর জেনারেল ফখরুদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
ঢাকা সেনানিবাসের ৪৬ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ওয়াকারউজ্জামান মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে সেনা সদর দফতরের সামরিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি মেজর জেনারেল আব্দুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
মেজর জেনারেল আব্দুর রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মুজিব ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে ৪৬ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পেয়েছেন।
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) পরিচালক কর্নেল এম সোহেল আনোয়ারকে (প্রেষণে ছিলেন) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ইতিপূর্বে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। পিজিআরের এ নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাকসুদের স্থলাভিষিক্ত হলেন।
সাভার সেনানিবাসের ৮১ ব্রিগেডের কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সারফুদ্দিনকে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিকুল আলম সিকদারের স্থলাভিষিক্ত হলেন। ব্রিগেডিয়ার সিকদার কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ইতুরি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আনিসকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। গত রবিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ রদবদলের আদেশ জারি করা হয়েছে।
