ফিলিপাইনের পর ভিয়েতনামে আঘাত করল হাইয়ান

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৮
ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধনের পর গতকাল সোমবার ভোরে টাইফুন হাইয়ান আঘাত হেনেছে ভিয়েতনামে। এতে বহু গাছপালা উপড়ে পড়েছে এবং শত শত ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। টাইফুনের আঘাতে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সপ্তাহান্তে ফিলিপাইনে দানবের শক্তিতে আঘাত হানার পর এটি বেশ দূর্বল হয়ে ভিয়েতনামে আঘাত হানে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের একটানা গতিবেগ ছিল ১২০ কিলোমিটার। এর প্রভাবে রাজধানী হ্যানয়ে ঝড়োবৃষ্টি শুরু হয়েছে এবং ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে ব্যাপক ঝড়ে ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। কুয়াং নিহ প্রদেশের দুর্যোগ কর্মকর্তা নগুয়েন কং থুয়ান জানান, এ প্রদেশে টাইফুনের আঘাতে শত শত ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং হাজার হাজার গাছ উপড়ে পড়ে। তিনি এ প্রদেশে তিনজন নিখোঁজ হওয়ার কথা জানান। ভিয়েতনামে টাইফুন আঘাত হানার আশংকায় সাড়ে ছয় লাখেরও বেশী লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সরিয়ে নেয়া এসব লোক এখন ঘরে ফিরে আসছে। চীনে ছয় জনের মৃত্যু :চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে টাইফুন হাইয়ানের আঘাতে অন্তত ছয় জনের মৃত্যু ও কয়েকশ বাড়িঘরের ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের এক স্থানীয় পত্রিকা জানিয়েছে, প্রদেশটিতে দেয়াল ধসে অথবা বিজ্ঞাপণের হোর্ডিংয়ের নিচে চাপা পড়ে তিন পথচারীর মৃত্যু ঘটেছে। সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পার্শ্ববর্তী গুয়ানঝি ঝুয়াং এলাকায় এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে।