দেড় কেজি ওজনের সোনার পাথর খুঁজে পেলেন এক অস্ট্রেলীয়

আপডেট : ২০ মে ২০১৯, ২১:৩৫

প্রায় দেড় কেজি ওজনের একটি সোনার পাথর খুঁজে পেলেন এক অস্ট্রেলীয়। দেশটির পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ঘুরে বেড়ানোর সময় তিনি এর সন্ধান পান। মেটাল ডিটেক্টর ব্যবহার করে তিনি ওই মূল্যবান ধাতব খণ্ডটি পান।

১ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই সোনার পাথরটির মূল্য প্রায় এক লাখ অস্ট্রেলীয় ডলার (৬৯ হাজার মার্কিন ডলার)। পশ্চিমাঞ্চলীয় কালগুলি শহরের একটি দোকান সোনার পাথরটির ছবি অনলাইনে শেয়ার করে। দোকানটির মালিক ম্যাট কুক জানান, যিনি সোনার পাথরটি পেয়েছেন তিনি স্থানীয় ও অভিজ্ঞ এক সৌখিন অভিযাত্রী। তবে দোকানি ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি। তিনি জানান, ওই সোনার টুকরাটি একটি সল্টবুশ ঝোপের মধ্যে মাটির ৪৫ সেন্টিমিটার গভীরে ছিল এবং ওই অভিযাত্রী মেটাল ডিটেক্টর ব্যবহার করে সেটি শনাক্ত করেছেন। এতবড় সোনার টুকরা পাওয়ার ঘটনা বছরে খুব বেশি ঘটে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ায় উত্পাদিত সোনার ৭৫ ভাগ কালগুলি ও এর আশপাশের অঞ্চলের খনিগুলো থেকে উত্তোলিত হয়।