নান্দাইলের মেয়র ও পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা বিএনপি।
গত সোমবার নান্দাইল বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে মেয়রের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নান্দাইল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রহুল আমিন ভূঞা। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এবিএম আতাহার আলী, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আলাউদ্দিন, জসিম উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক পল্লব রায়সহ পৌরসভা ও ১২টি ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত মেয়র এএফএম আজিজুল ইসলামের বিরুদ্ধে তদন্ত ছাড়াই চাঁদাবাজি মামলা নেয়ায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার নান্দাইল বাজারের গিনি জুয়েলার্সের মালিক ও সাবেক পৌর কমিশনার মো. হাকিমুল ইসলাম ভুঁইয়ার কাছ থেকে দেড় লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় বেদম মারধর করে মেয়রের নেতৃত্বে কিছু লোক। এই অভিযোগে হাকিমুলের বড় ভাই মো. রফিকুল ইসলাম ভুঁইয়া গত ৯ নভেম্বর নান্দাইল মডেল থানায় মেয়রকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
