উপকূলের ৮ শহরের জন্য ৮৭৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০৬
দেশের উপকূলীয় আটটি পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ৮৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় উপকূলীয় পিরোজপুর, মঠবাড়িয়া, বরগুনা, আমতলী, গলাচিপা, কলাপাড়া, ভোলা ও দৌলতখান শহরে ১০৬ কিলোমিটার রাস্তা, ৮৫ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ১৯৪ কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন উন্নতকরণ ও স্থাপন, ৫১টি কমিউনিটি ল্যাট্রিন স্থাপন, ১০টি বিদ্যালয়ে টয়লেট স্থাপন ইত্যাদি কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি ও পৌরসভাগুলোর পরিচালন ব্যবস্থা শক্তিশালীকরার জন্যও কাজ করা হবে। পৌরসভাগুলোর প্রকল্প ব্যবস্থাপনাতেও সহায়তা দেয়া হবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গতকাল মঙ্গলবার প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), স্ট্রাটেজিক ক্লাইমেন্ট ফান্ড এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ঋণ ও অনুদান হিসেবে ৭০৫ কোটি টাকা দেবে। জানুয়ারি ২০১৪ থেকে মে ২০২০ মেয়াদে এটি বাস্তবায়িত হবে।