আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নয় বরং বিরোধী দলীয় নেতার পদ থেকে খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত। কারণ বিরোধী দলীয় নেতার সকল সুযোগ সুবিধা ভোগ করার পরও তিনি জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছেন, মানুষ পুড়িয়ে মারছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে তরিকত ফেডারেশনের মতবিনিময় সভা শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তরিকত ফেডারশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে তরিকত ফেডারেশন। মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নজিবুল বশর বলেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রয়োজন।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক সভায় সভাপতিত্ব করেন।
