ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ২৪ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদেরকে অন্যদিকে দৃষ্টি দিতে হবে। কারণ আন্তর্জাতিক অঙ্গন এখন এর পরিবর্তে ইরানের দিকে বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়টিকেই মাথা ব্যথা কারণ বলে বেশি গুরুত্ব দিচ্ছে।
নেতানিয়াহু বলেন, বসতি নির্মাণের ঘোষণায় যে হইচই শুরু হচ্ছে এর ফলে বিশ্বশক্তির নজর ইরানের পরমাণু প্রকল্প থেকে সরে যাচ্ছে। বুধবার ইসরাইলের বসতি নির্মাণের ঘোষণায় যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধীতার মুখে ইসরাইলি নেতা এ কথা বলেন। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে ইসরাইলি বসতি নির্মাণ শুরু হবে-এমন পরিকল্পনার কারণে তিন মাস ধরে চলা শান্তি আলোচনা ভেস্তে যেতে বসেছে। যুক্তরাষ্ট্র এই আলোচনার মধ্যস্থতাকারী। তাদের এ বিরোধিতার কারণে কিছুটা পিছু হটছে ইসরাইল। বরং নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু প্রকল্প থেকেই নিবৃত্ত করা উচিত। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বশক্তির সঙ্গে তাদের সমঝোতা একটা বাজে পর্যায়ে পৌঁছেছে। নতুন করে বসতি নির্মাণ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়টি তিনি আপাতত স্থগিত করে রাখার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে ইতিমধ্যে দেশটির গৃহায়ন মন্ত্রী ইউরি অ্যারিয়ালকে তিনি প্রস্তাবিত বিষয়সমূহকে পুনর্মূল্যায়নের জন্য বলেছেন।
নেতানিয়াহুর এই ঘোষণার আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির নেতাদের আসন্ন এক জরুরি বৈঠকের নির্দেশ দেন। বৈঠকে ‘সম্ভাব্য সব রকম সুযোগ’ রাখার জন্য নির্দেশ দেন। অধিকৃত ফিলিস্তিনে কর্মরত মানবাধিকার সংগঠন ‘পিস নাও’ জানিয়েছে অক্টোবরে বসতি নির্মাণের এই পরিকল্পনা নেয়া হলেও এখনো কাজ শুরু হয়নি।
