মুডি এ্যানালিটিকস এর সঙ্গে যৌথ সার্টিফিকেশন কোর্স চালু করবে বিআইবিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২১:৩২

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ২০১৫ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট এর সঙ্গে যৌথভাবে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ কোর্স চালু করে। পরবর্তীতে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সের পরিসর বৃদ্ধি করে ঋণ ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’ নামে দুটি সার্টিফিকেশন কোর্স চালু করেছে। মুডি এ্যানালিটিকস-এর সঙ্গে অচিরেই যৌথ সার্টিফিকেশন কোর্স চালু করতে যাচ্ছে বিআইবিএম।

বিআইবিএম সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের জন্য প্রথমবারের মতো ‘সনদপত্র সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। বিআইবিএম পরিচালিত সিইআরএম, সিইসিএম এবং সিইটিএস এই তিনটি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৮১ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করবেন। বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করবেন। এতে সেরিমনিয়াল বক্তব্য প্রদান করবেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী।