পাঁচ দিন পর গুলশান অফিসে খালেদা জিয়া

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৬
পাঁচ দিন পর গুলশানের অফিসে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে গতকাল বুধবার রাত আটটা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে নিজের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান তিনি। তবে কেন্দ্রীয় পাঁচ নেতার আটকের পর অন্য শীর্ষ নেতারা আত্মগোপনে থাকায় কার্যালয়ে শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি ছিল কম। খালেদা জিয়া অফিসে আসার পর রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি নেতাদের মধ্যে কার্যালয়ে যান স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, সেলিমা রহমান, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুল কাইয়ুম, ড. উসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক পিয়াস করিম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু এমপি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি। এছাড়া ঢাকা আইনজীবী পরিষদের নেতারাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক শুরু করেন তিনি। খালেদা জিয়া গত বৃহস্পতিবার সর্বশেষ গুলশানের কার্যালয়ে যান।