সাদেক হোসেন খোকা সালাউদ্দিনকে হুকুমের আসামি করে মামলা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৭
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এছাড়া মামলায় ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা এবং সমবায় বিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাউদ্দিন আহম্মেদকে হুকুমের আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাসটির মালিক নেকবর আলী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। ওই দিন দুপুরে রায়েরবাগে হরতালকারীরা কোমল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ৯ জন যাত্রী অগ্নিদগ্ধ হন। মামলার অপর আসামিরা হলেন যাত্রাবাড়ী থানা জামায়াতের আমির সবুর ফকির, যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ জায়নুল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের শিবির সভাপতি শাহিন আহাম্মদ খান, সেক্রেটারি জেনারেল মাইনুদ্দিন মৃধা, জামায়াত নেতা কাজী শাহ ইকবাল, স্থানীয় শিবির নেতা ইমরান আহম্মেদ, আবদুল আলিম, ছাত্রদলের নেতা সোহেল মাহমুদ, রিয়ান, হাফেজ মো. আনোয়ার, যুবদলের নেতা কাওসার আহাম্মেদ ও জাহাঙ্গীর ওরফে ফেন্সি জাহাঙ্গীর। বাদী তার এজাহারে বলেন, সাদেক হোসেন খোকা ও সালাউদ্দিন আহম্মেদ তাদের অনুসারীদের নাশকতা করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত ১২ জনের পরিকল্পনা ও নির্দেশনায় অজ্ঞাত পরিচয়ে পিকেটাররা যাত্রীবেশে তার বাসে উঠে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে খোকা ও সালাউদ্দিনের বিষয়ে তদন্ত চলছে। পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।