সর্বদলীয় সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৩০
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বদলীয় সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। শেষ সময়েও যদি বিরোধী দল নির্বাচনে অংশ নেয়, তা হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যে নদীতে ঢেউ নেই সে নদী অতিক্রম করে নৌকা তীরে ভিড়ানোর ইচ্ছা সরকারের নেই। মন্ত্রীদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর নিকট জমা দেয়ার লক্ষ্যই হচ্ছে ছোট আকারে সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া মাত্র। বুধবার চৌমুহনীতে ২৫ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভার যৌথ অর্থায়নে নির্মিত ছয় লক্ষ ৮০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার ও লৌহ দূরীকরণ প্লান্টের উদ্বোধন শেষে পৌর অডিটরিয়ামে সুধি সমাবেশে যোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন। চৌমুহনী পৌর মেয়র মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, চৌমুহনী পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রমুখ।