কূটনীতিকদের তত্পরতা অব্যাহত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৩
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিদেশি কূটনীতিকদের তত্পরতা অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টিতে তাদের প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসাবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন গতকাল বুধবার সকালে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় হাইকমিশনারের বাসভবনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই একান্ত বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেনের বাসায় গতকাল বিকালে প্রায় ১৫টি পশ্চিমা দেশের কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, জাপান, তুরস্কসহ গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা যোগ দেন। এ রাষ্ট্রগুলোর কূটনীতিকবৃন্দ প্রায় প্রতি সপ্তাহেই এ ধরনের বৈঠক করে আসছেন। অন্যদিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যসহ কয়েকজন অর্থনীতিবিদ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।