নেত্রকোনার পূর্বধলা-কাপাসিয়া ও ময়মনসিংহের ধোবাউড়া-পোড়াকান্দুলিয়া সড়কের মধ্যবর্তী কংস নদের ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পাকা সেতু নির্মাণের ৩ বছর অতিবাহিত হলেও এক পাশে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ।
জানা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের মধ্যবর্তী কংস নদের ওপর একটি পাকা সেতু ও পোড়াকান্দুলিয়া বাজার থেকে কংস নদের ঘাট পর্যন্ত একটি রাস্তা নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। এ প্রেক্ষিতে সেতুটি নির্মিত হলেও রাস্তা নির্মাণের দাবি আজো পূরণ হয়নি।
জানা গেছে, দুই কোটি ৭০ লাখ ৪০ হাজার ৮৮১ টাকা ব্যয়ে ১২৬.১২ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ কাজ গত ২০১০ সালে শেষ হয় সেতুর দক্ষিণ পাশে পূর্বধলা অংশে পাকা সংযোগ সড়কও নির্মিত হয়। কিন্তু সেতুর উত্তর পাশে ধোবাউড়া অংশে পোড়াকান্দুলিয়া বাজার পর্যন্ত মাত্র এক কিলোমিটার সংযোগ সড়ক আজো নির্মিত হয়নি। ফলে ওই সেতু দিয়ে যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটেও এলাকাবাসী যেতে পারছেন না।
পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল হক বলেন, এই সেতুটি খুবই জনগুরুত্ব পূর্ণ। সেতুর সংযোগ সড়ক হলে ধোবাউড়া উপজেলার হাজার হাজার মানুষ ময়মনসিংহ জেলা শহরসহ সারাদেশে সহজে যাতায়াত করতে পারবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দুর্ভোগও লাঘব হবে।
কিন্তু সংযোগ না হওয়ায় সেতুটির সুফল পাচ্ছেন না এলাকাবাসী। পূর্বধলা উপজেলা প্রকৌশলী মো. বদরউদ্দিন বলেন, কাপাসিয়া সেতুর পূর্বধলার অংশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ধোবাউড়া উপজেলা অংশের সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব ওই উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের।
ধোবাউড়া উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য সরকারি ভাবে কোনো বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
