বেনাপোল বাজারে বাঁশের সাঁকো দিয়ে পারাপার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৪
বেনাপোল বাজারের ফকির চাঁদের কাঁঠাল বাগান এলাকায় রাস্তা না থাকায় অর্ধ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে। পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছে কয়েকবার রাস্তার সু-ব্যবস্থার আবেদন করেও কোন আশানুরূপ ফল না পেয়ে হতাশ এ সব পানিবন্দি মানুষ নিজেরা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। পানিবন্দি রবিউল ইসলাম রবি জানান, বাহাদুরপুর সড়কের পাশ দিয়ে পাকা ভবন নির্মাণ হওয়ায় এবং পশ্চিমদিক দিয়ে হাকর নদী থাকায় আমরা এখানে আটকা পড়েছি। একটি রাস্তার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও আজ পর্যন্ত কোন সমাধান হয়নি। বাচ্চারা হাকর নদী পার হয়ে স্কুলে যেতে পারে না। দু’জন কাঁধে করে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।