দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজবাড়ী
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা জেলেপাড়ার একটি ল্যাট্রিন থেকে গতকাল বৃহস্পতিবার অপহরণের সাত দিন পর রিফাত হোসেন নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ৬ নভেম্বর রাজবাড়ী কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির ছাত্র রিফাত স্কুলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী রনির সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বাহরাইন প্রবাসী রিফাতের বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মোবাইল ফোনের কললিস্ট ধরে রক্তিমের বাবা রনজিত্ সরকার, তার বন্ধু কলেজ ছাত্র রনি সেখ ও অপহূত রিফাতের আপন চাচা কিয়াম উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করা হয়।
রক্তিম পুলিশকে জানায়, অপহরণের পর শিশুটিকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/ ৮ জনের নামে রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
এদিকে, জেলার কালুখালী উপজেলার ব্রি-গোপালপুর গ্রামে গত বুধবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে জনি (১৪) নামে এক কিশোর খুন হয়।
জানা যায়, জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের ছেলে জনি চাচা নাজমুল ইসলামের কথার প্রতিবাদ করলে কোমরে রাখা চাকু বের করে নাজমুল এলোপাতাড়ি কোপাতে থাকে। রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক জনিকে মৃত বলে জানায়।
নেত্রকোনা
নেত্রকোনা সদর উপজেলার সাটিয়া গ্রামে গত বুধবার বিকালে হাসিম উদ্দিনের ছেলে হূদয় (৭) এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সন্ধ্যায় হাত-পা বাঁধা হূদয়ের লাশ উদ্ধার করেছে।
টঙ্গী (গাজীপুর)
টঙ্গীর আরিচপুরের মাদার হোম্স স্কুলের সামনে গতকাল বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলম বিল্লাহ (৫৫) নামে এক ঠিকাদার খুন হন।
জানা যায়, আরিচপুরের বাসা থেকে গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেন। বাসা থেকে কিছুদূর গেলেই ছিনতাইকারীরা তার তলপেটে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
