চরফ্যাশনের শশীভূষণে শিশুশ্রম বাড়ছে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৭
চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানায় দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। যে সময়ে তাদের হাতে বই খাতা আর কলম থাকার কথা সে সময় তারা শ্রমিক হিসেবে কাজ করছে । শশীভুষণ থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ছোট ছোট ছেলেরা হোটেল রেস্তোরাঁ, বাস, টেম্পু, রিকশা ও ওয়ার্কসপের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়েছেন। এসব শিশুদের মধ্যে কেউ কেউ আবার টোকাইয়ের কাজে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় তাদের সোনালী ভবিষ্যত্ নষ্ট হতে চলেছে। বিশেষ করে গ্রামের অসহায় দরিদ্র পরিবারের শিশুরা জীবন বাঁচানোর তাগিদে ইট ভাটায় পর্যন্ত কাজ করে জীবিকানির্বাহ করছে। এসব জায়গায় শিশুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আইনত শিশুশ্রম নিষিদ্ধ হলেও শিশুরা নিজের এবং দুঃস্থ বাবা মা’র মুখে দু’মুঠো আহার তুলে দেয়ার আশায় কঠোর পরিশ্রম করছে। আর এ সুযোগে মহাজনরা তাদের শ্রমের ন্যায্য মজুরি পর্যন্ত দিচ্ছেন না। ফলে এসব শিশুরা দিনের পর দিন সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছে।