‘গার্মেন্টসে ট্রেড ইউনিয়নের বিকল্প নেই’

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১০
বাণিজ্য সচিব মাহবুব আহমেদ মনে করেন, তাজরীন ও রানা প্লাজায় দুর্ঘটনার পর দেশের পোশাক খাত চাপের মধ্যে আছে। যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করেছে। তারপর তারা এই সুবিধা পুনর্বহালের জন্য একটি কর্মপরিকল্পনা দিয়েছে। সেখানে ট্রেড ইউনিয়নের ইস্যুটি গুরুত্ব পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে ট্রেড ইউনিয়নের কোন বিকল্প নেই। সাংবিধানিকভাবেও ট্রেড ইউনিয়ন স্বীকৃত। বুধবার রাজধানীর বিজিএমইএ মিলনায়তনে কমপ্লায়েন্স (কারখানায় কর্ম পরিবেশ) বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের গার্মেন্টস খাতে কমপ্লায়েন্স ইস্যু শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গার্মেন্টস উদ্যোক্তারা কমপ্লায়েন্সের বিভিন্ন ত্রুটি নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, নানামুখী চাপে এই খাত সংকটকাল অতিক্রম করছে। ন্যূনতম মজুরি ইস্যুতে অনেক কারখানা মালিক ব্যবসা ছেড়ে দিতে চাইছেন। আমরা সরকারের কাছে এক্সিট পলিসি (সহজ প্রস্থান নীতিমালা) চাই।