ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. শাহাবুদ্দিন ইয়াকুব কোরাইশী বলেছেন, গণতন্ত্র এবং উন্নতির জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শ্রেষ্ঠ পন্থা। একটি দেশকে ধারাবাহিকভাবে উন্নয়নের পথে পরিচালিত করতে নির্বাচনকেন্দি ক গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। তার মতে, নিরবচ্ছিন্ন গণতন্ত্র ও ধারাবাহিক সুষ্ঠু নির্বাচনের কারণেই ধর্ম, ভাষা, নৃ-তত্ত্ব এবং বর্ণের দিক দিয়ে বিভক্ত ভারত এখনও ঐক্যবদ্ধ রয়েছে। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লীর আইআইসি’তে (ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার) কমনওয়েলথ জার্নালিস্ট’স এসোসিয়েশন (সিজেএ) আয়োজিত নির্বাচনী রিপোর্টিং সম্পর্কিত এক সেমিনারে তিনি একথা বলেন।
ড. কোরাইশী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ড. কোরাইশি জানান, ভারতের সাংবিধানিক পরিষদে নির্বাচন কমিশন গঠনের প্রকৃতি নিয়ে বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত তারা নানা বাধা-বিপত্তি এবং আপত্তি সত্ত্বেও ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পেরেছে।
ড. কোরাইশী বলেন, ভারতে ভোটাধিকার বাধ্যতামূলক নয়। সম্প্রতি ভারতের আদালতের রায়ে ‘না’ ভোট চালুর বিষয়টি উল্লেখ করে বলেন, খারাপ লোকদের ভোট না দিয়ে ঘরে বসে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখলে দেশের কোন লাভ নেই।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রতিটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনের ৬ মাস পুলিশ বা প্রশাসনের কাউকে সরকার বদলি করতে পারে না। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা একদিনে একসাথে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারেন না।
