শত বছরের ঐতিহ্যবাহী সুন্দরবনের দুবলার চরে ৩ দিন ব্যাপী রাস উত্সব শুরু হচ্ছে আজ। প্রতি বছরের মতো এবারও এ উত্সব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বন বিভাগসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আগের চেয়ে এবার হরিণ শিকাররোধ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে কঠোর ব্যবস্থা। আগামী ১৭ নভেম্বর এ উত্সব শেষ হবে।
বন বিভাগ ও উত্সব আয়োজক কমিটি সূত্রে জানা যায়, দুবলার চরে আলোর কোল এলাকায় এ উত্সব অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকে ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উত্সব উদযাপন করা হয়। পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে গোসল করে পাপ মোচন হবে—এমন বিশ্বাস নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা রাস উত্সবে যোগ দেয়। তবে কালের বিবর্তনে এখন নানা ধর্ম-বর্ণের লোকদের মাঝে ছড়িয়ে যাওয়ায় এ উত্সব এক মিলন মেলায় পরিণত হয়েছে।
উত্সবের আয়োজক কমিটির চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থ যাত্রী ও দর্শনার্থীরা লঞ্চ, ট্রলার ও নৌকায় করে দুবলার চরের মেলায় সমবেত হয়। সেই সাথে আসেন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক। উত্সবের সময় কুটির শিল্পের নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসে এক শ্রেণীর ব্যবসায়ী। এছাড়া নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
