প্রায় দুই মাস পর আন্তর্জাতিক বাজারে দর পতনের কারণে আবারো কমেছে স্বর্ণের দাম। এর ফলে ভাল মানের অর্থাত্ ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা। প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম হচ্ছে ৪৮ হাজার ৪০৫ টাকা। আগে এ মানের স্বর্ণ বিক্রি হতো ৪৯ হাজার ৫৭২ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ শুক্রবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু হবে।
সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২১ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে দাম কমেছে এক হাজার ১০৮ টাকা। এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৭ হাজার ৩৫৫ টাকার বদলে ৪৬ হাজার ২৪৭ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি ৯৩৩ টাকা কমে এখন বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৭ টাকায়। আগে এ মানের প্রতি ভরি বিক্রি হত ৪০ হাজার ৫৯০ টাকায়। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ৮১৭ টাকা। এই পদ্ধতিতে ২৮ হাজার ৩৪৩ টাকার বদলে এখন প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২৭ হাজার ৪১০ টাকায়।
