বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডে গতকাল শনিবার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তেমন ক্ষতি না হলেও ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ওয়ার্ড থেকে দ্রুত বের হতে গিয়ে তাড়াহুড়োতে নিচে পড়ে গিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৬টার দিকে ঐ ওয়ার্ডের ভেতরের একটি রুমে আগুন লাগে। পরে দমকল কর্মী, হাসপাতালের কর্মচারী ও রোগীর স্বজনরা আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ ও রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলে নিশ্চিত করেছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা। ঐ ওয়ার্ডের রোগীরা বলছেন, আগুন নেভানোর পর সেখান থেকে মশার কয়েলের পোড়া অংশ পাওয়া গেছে। আগুনে ঐ ঘরে রাখা সামগ্রীর মধ্যে তিনটি ম্যাট্রেস, কয়েকটি বিছানার চাদর ও মশারী পুড়ে গেছে। মৃত রোগীর নাম মোল্লা আতিয়ার রহমান (৫৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামের বাসিন্দা। হূদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর তিনি বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মোল্লা আতিয়ার রহমানের ছোট ভাই মোল্লা ফিরোজ হোসেন অভিযোগ করে বলেন, আগুন লাগার পর হাসপাতালের কর্মচারীরা তার ভাইকে টানা-হেঁচড়া করে হাঁটিয়ে নিচে নামিয়ে আনার এক পর্যায়ে তিনি নিচতলার মেঝেতে পড়ে যান। এরপরই তার মৃত্যু হয়।
