হেফাজত কোনো রাজনৈতিক জোটে সম্পৃক্ত হবে না : আল্লামা শফী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৯
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আসন্ন নির্বাচনে হেফাজত কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত হবে না। তিনি বলেন, বৃহত্ রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে নাগরিকদের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। দেশে চরম অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে দেশি-বিদেশি সুবিধাবাদি ও ষড়যন্ত্রকারীরা নানা তত্পরতা শুরু করেছে। যা দেশের স্বার্থ ও স্বাধীনতার প্রতি চরম হুমকি তৈরি করছে। আল্লামা শফী রাজনৈতিক দলগুলোর প্রতি জেদ, হানাহানি ও সহিংসতার পথ বন্ধ করে জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে পরস্পর আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানান। গতকাল শনিবার এক বিবৃতিতে আল্লামা শফী এসব কথা বলেন। আল্লামা শফী হেফাজতে ইসলাম বা হেফাজত আমীরকে রাজনৈতিক দল বা জোটের সাথে সংশ্লিষ্ট করে বিভ্রান্তিকর কোনো সংবাদে কান না দেয়ার আহ্বান জানান।