ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঠিকাদার নিহত, আহত অর্ধশত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১১
জেলায় দুই পক্ষের পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নির্মাণ শ্রমিক ঠিকাদার নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত লোক। এসময় ঠিকাদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে আগুন ও দোকান ভাংচুর এবং লুটপাট করে দাঙ্গাবাজরা। গত শুক্রবার বিকেলে শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকা কাউন্টারের সামনে গাড়ি রাখায় পৈরতলার গ্রামের লোকজন গাড়ির ড্রাইভারকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন বাসস্ট্যান্ড এলাকার দোকানপাট ভাংচুর করে। উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় স্থানীয় সন্ত্রাসী লিংকন প্রকাশ্যে বেপারীপাড়ার নির্মাণ শ্রমিক ঠিকাদার বাদশা আহমেদ বুলেটকে (৩২) গুলি করে। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ ও ৬ রাউন্ড রাবার বুলেট এবং কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।