সরকারের সাফল্য মিডিয়ায় তুলে ধরার আহ্বান স্পিকারের

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১৮
যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অনেক সাফল্য রয়েছে। সরকারের সাফল্য সঠিকভাবে মিডিয়ায় তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান স্পিকার। চলমান রাজনৈতিক সংকট এবং তা সমাধানে স্পিকারের উদ্যোগের ব্যাপারে সাংবাদিক ও সুধীজনরা জানতে চাইলে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকেই উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগী হলে কেবল তিনি ভূমিকা রাখতে পারেন। মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভার শুরুতে স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন স্বাগত বক্তব্য দেন। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী দেশের ক্রিকেট প্রসঙ্গে বলেন, খেলাধুলাকে সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে। তবেই তাতে সাফল্য পাওয়া যাবে। এর আগে সকাল ৯টায় জাতিসংঘের ইকোসক চেম্বারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের উদ্বোধনী সভায় যোগ দেন। জাতিসংঘের এ সভায় পার্লামেন্টারি ইউনিয়ন বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে। সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জন এ্যাসলে, ইকোসকের সভাপতি এম্বাসেডর নেস্টার অসরিয়া এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ রেডি। দুপুরে স্পিকার জন এ্যাসলের আমন্ত্রণে তার দপ্তরে এক সভায় মিলিত হন। এদিকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বৃহস্পতিবার জাতিসংঘে ‘এমডিজিস ইন এলডিসিজ, লেসন লার্নড এন্ড বেস্ট প্র্যাকটিসেজ’ সংক্রান্ত এক সাইড ইভেন্টের আয়োজন করে। এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিকালে বাংলাদেশ মিশনে সফররত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করেন। তারা নিজের দেশকে বিভিন্নভাবে সহায়তার আশ্বাস দেন। চলমান সঙ্কটে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হস্তক্ষেপ কামনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন আমেরিকান-বাংলাদেশ পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জাকসন হাইটসের ফুড কোর্ট রেস্টুরেন্টে আয়োজিত মিট্য দ্য প্রেস অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এটর্নি মঈন চৌধুরী বলেন, বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে তাতে রাষ্ট্রপতি যথাশিগগির হস্তক্ষেপ না করলে সংকট আরো ঘনীভূত হবে। অচিরেই সাংবিধানিক সংকট দেখা দেবে এবং এমনকি গৃহযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। অনুষ্ঠানে এটর্নি মঈন বলেন, একদিকে সরকারি দলের নির্বাচনকালীন সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের প্রস্তাব এবং অন্যদিকে প্রধান বিরোধী দলের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে সংঘাত ক্রমশঃ বাড়ছে। এর একমাত্র সমাধান আলোচনায় বসা। আপাতদৃষ্টিতে সকলেই চাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন।