মালদ্বীপের প্রেসিডেন্ট ওয়াহিদ পদত্যাগ করেছেন। নির্বাচন নিয়ে অচলাবস্থা ও সম্প্রতি কমনওয়েলথ থেকে দেশটিকে বহিষ্কার এবং আন্তর্জাতিক চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। দুই বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গতকাল চতুর্থবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। -খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
মালদ্বীপে এর আগের ৩টি নির্বাচনের কোনটিতে কোন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মালদ্বীপের নাগরিকদের জন্য কয়েকটি দেশেও ভোট কেন্দ স্থাপন করা হয়েছে। এ নির্বাচনে মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মোহাম্মদ নাশিদ ও প্রগেসিভ পার্টি অব মালদ্বীপের প্রার্থী আবদুল্লাহ ইয়াসিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনের আগ মুহূর্তে প্রেসিডেন্টের পদ থেকে মোহাম্মদ ওয়াহিদ পদত্যাগ করেন। শুক্রবার রাতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে তিনি দেশত্যাগ করেছেন। গত বছর পুলিশ বিদ্রোহে তত্কালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াহিদ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন; কিন্তু সংবিধান অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করে পদত্যাগ না করায় ওয়াহিদের কঠোর সমালোচনা করে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। এর জের ধরে সম্প্রতি কমনওয়েলথ থেকে মালদ্বীপকে বহিষ্কার করা হয়।
