লিবিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ৩২

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১৯
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে স্থানীয় বাসিন্দা ও মিলিশিয়ার মধ্যে ব্যাপক সংঘর্ষে ৩২ জন নিহত ও প্রায় ৪শ’ লোক আহত হয়েছে। ত্রিপোলির বাসিন্দারা বেপরোয়া মিলিশিয়াদের লিবিয়ার রাজধানী ত্যাগে বিক্ষোভের ডাক দিলে শুক্রবার সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এদিকে ২০১২ সালে বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলাকারীদের বিষয়ে তথ্যদাতাদের জন্য দশ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও এএফপির। ২০১১ সালের গণআন্দোলনের সময় সৃষ্টি হয় মিলিশিয়ার। এই অন্দোলনের মধ্যদিয়ে সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়। উত্তর আফ্রিকার দেশটিতে মিলিশিয়া এখন একটি শক্তিশালী বাহিনী। স্থানীয় বাসিন্দাদের এ বিক্ষোভ-সমাবেশকে কেন্দ করে বন্দুকধারী বিভিন্ন গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার পর সরকার অস্ত্র বিরতির আহবান জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের এবং অব্যাহত গুলির শব্দ শোনা যায়। এর ফলে রাজধানীর অনেক এলাকায় ২০১১ সালের গাদ্দাফি বিরোধী আন্দোলনের চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ত্রিপোলির ঘারঘুর জেলার বিভিন্ন গ্রাম থেকে সাদা পতাকা বহনকারী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বন্দুধারীরা হামলা চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, সেখানে মিসরাতা মিলিশিয়াদের সদর দপ্তর রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নুরেদ্দিন দঘমান জানান, এ সংঘর্ষে ৩২ জন নিহত ও প্রায় ৪শ’ জন আহত হয়েছে। তিনি আরো জানান, এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। অন্য সরকারি কর্মকর্তারা জানান, সেখানে বিশৃংখলাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।