গোপন চুক্তির কারণে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে :খালেদা জিয়া

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫২
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, গোপন চুক্তি করে বর্তমানে দেশকে যেদিকে ঠেলে দেয়া হচ্ছে তাতে জাতীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে। তাই এই মুহূর্তে আধিপত্যবাদী শক্তিকে রুখতে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। আমরা সেই পথেই অপশক্তির অশুভ ইচ্ছাকে পরাস্ত করতে সক্ষম হবো। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়া বলেন, মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, মওলানা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম তূর্যবাদক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা। তাঁর অবস্থান ছিলো শোষণের বিরুদ্ধে শোষিতের পক্ষে। অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন। তিনি বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উত্স।