রূপালী চৌধুরী কর্পোরেট বাণিজ্যিক শাখায় উজ্জ্বলতম নক্ষত্র। তিনি বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ২০১৩-১৫ সালের মেয়াদে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। রূপালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিয়ে থেকে এমবিএ সম্পন্ন করেন এবং রসায়নে চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেন। ১৯৮৪ সালে সিবা গেইগি বাংলাদেশে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি সাড়ে ছয় বছর পর্যন্ত সে কোম্পানীতে চাকরি করেন এবং ১৯৯০ সালে যে সময় কোম্পানী ছাড়েন সে সময় তিনি সে কোম্পানীর ব্র্যান্ড ম্যানেজার ছিলেন। তিনি ১৯৯০ সালে বার্জার পেইন্টসে যোগ দিয়ে ২০০৮ সালে এমডি পদে উন্নীত হন। চাকরি জীবনে মার্কেটিং, সেলস, পরিকল্পনা বিভাগসহ নানা অংশের দায়িত্ব পালন করেছেন। তিনি কর্পোরেট ম্যানেজমেন্টের জন্য অনন্যা টপ টেন ২০০৭ পুরস্কার পেয়েছেন। তার মতে, চাকরি জীবনে কঠোর পরিশ্রমই আজকে তাকে সাফল্যের সাথে সামনের পথে এগিয়ে নিয়ে চলেছে। তিনি বলেন, কর্মক্ষেত্রের পরিবেশ এখনও নারীদের জন্য অনেক বন্ধুর। এ পরিবেশে সাফল্যের সাথে এগিয়ে যেতে হলে নারীদের মনোবল দৃঢ় হতে হবে এবং সব ধরনের প্রতিকূলতাকে অতিক্রম করে সামনের পথে এগিয়ে যাওয়ার মন মানসিকতা গড়ে তুলতে হবে। যে কোন কোম্পানীতে চাকরির ক্ষেত্রে প্রথমে তার উন্নতির চেষ্টা করতে হবে এবং কোন নতুন যায়গায় একজন নারীকে প্রথম নিজ যোগ্যতা প্রমাণ করতে হবে, তবেই অগ্রগতির পথ প্রশস্ত হবে। আগের তুলনায় নারীদের কর্মক্ষেত্রে পরিবেশের অনেক উন্নতি হলেও এখনও নারী-পুরুষের কর্ম পরিবেশ এক নয়। তাই এগিয়ে যাওয়ার জন্য নারীদের মনোবল দৃঢ় রাখতে হবে।
