শিশুকে আদর-মমতার সাথে দুধ খাওয়ালে যেসব উপকার সাধিত হয় তাহলো নিম্নরূপ—

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ১৯:২৫
 মায়ের দুধে খাদ্য উপাদান আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান থাকে। যা শিশুর শারীরিক গঠন ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি।  মায়ের দুধে ল্যাকটাবুমিন ও ল্যাকটোগ্লোবিউলিন নামক দুটি উপাদান থাকে। যা শিশু অতি সহজে হজম করতে পারে।  এক নাগাড়ে দিনে-রাতে ৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ালে মাকে জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার করতে হয় না।  শিশুকে বারবার দুধ খাওয়ালে ও কোলে তুলে আদর করলে মা ও শিশুর মধ্যে মমতার বন্ধন সৃষ্টি হয়।  মায়ের দুধে শিশুর শরীরে কোনো অ্যালার্জি হয় না।  দুধপান করার সময় শিশুর দাঁতের মাড়ির ওপর চাপ পড়ে। এতে মাড়ি ও দাঁত শক্ত হয়ে ওঠতে সাহায্য করে।  মায়ের দুধ শিশুর শক্ত পায়খানা বা কোষ্টকাঠিন্য রোগ সারতে সাহায্য করে।  মায়ের দুধে প্রোটিনের পরিমাণ কম থাকে বলে শিশুর কিডনির প্রতি চাপ কম পড়ে।  মায়ের দুধে চর্বি ও প্রোটিনের পরিমাণ যা থাকে তা অতি সহজেই হজম হয়ে যায়। তাই শিশু বারবার খেতে চায়।  মায়ের দুধে অ্যান্টি-বডি নামক একটি উপাদান থাকে যা শিশুকে নানা প্রকার রোগ হতে বাঁচিয়ে রাখে।  নিয়মিত যেসব শিশু মায়ের দুধ পান করে সেসব শিশু সাধারণত সর্দি, কাশি, ডায়রিয়া ইত্যাদি রোগে কম ভোগে।  মায়ের দুধে ল্যাকটোফেরিন নামক লৌহ গঠিত এক প্রকার উপাদান থাকে যা শিশুর খাদ্যনালী এন্টামিয়া জাতীয় রোগের হাত থেকে বাঁচিয়ে রাখে।  শিশু খালি গায়ে মায়ের বুকে লেগে থাকলে মায়ের দেহে এক ধরনের হরমোন তৈরি হয় যা দুগ্ধনালীতে দুধ বের হতে সাহায্য করে।  শিশু জন্ম হওয়ার পর যত তাড়াতাড়ি শিশুকে বুকের দুধ খাওয়ানো যায় তত তাড়াতাড়ি মায়ের ফুল বা অমরা (Placenta) পড়তে সাহায্য করে।  যেসব মা সন্তানকে বুকের দুধ খাওয়ান তাদের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ডায়াবেটিস হওয়ার প্রবণতা কমে যায়।  মায়ের দুধে ‘টরিন’ নামক এক প্রকার এমাইনো অ্যাসিড থাকে যা শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন।  নিয়মিত সন্তানকে বুকের দুধ দিলে মায়ের দেহের গঠন, স্তনের গঠন সুন্দর থাকে, স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না।  শিশুর রক্তশূন্যতা, ডায়াবেটিস, আয়োডিন কমজনিত অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে।  সর্বোপরি শিশু অপুষ্টিতে ভোগে না।