মহাবিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর অর্থাত্ মিস ইউনিভার্স ২০১৩-এর মুকুট জিতে নিয়েছেন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার সুন্দরী গ্যাব্রিয়েলা ইসলার। চলতি মাসে মস্কোর ক্রোকাস সিটি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সুন্দরীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্প্যানিশ সুন্দরী প্যাট্রিসিয়া ইউরিনা রডরিগেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ইকুয়েডর থেকে আসা কনসটানজা বায়েজ। রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত এ সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরীর ঝলমলে মুকুট মাথায় তুলে নেন তারা। বিশ্বের সর্বমোট ৮৫ জন বাছাই করা সুন্দরীকে হারিয়ে এ মর্যাদাপূর্ণ খেতাবগুলো পেয়েছেন তারা। ২৫ বছর বয়সী গ্যাব্রিয়েলা তার নিজ দেশ ভেনেজুয়েলায় একজন টিভি ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। জমকালো অনুষ্ঠানে সেরা সুন্দরীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন গ্যাব্রিয়েলা। তার মাথায় বিজয় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স ইউএসএ অলিভিয়া কালপো। মুকুট পরার সময় অশ্রুসজল চোখে নয়, তিনি হেসে স্বাগত জানিয়েছিলেন সম্মানটিকে। এ প্রতিযোগিতায় রানার-আপ হন স্পেনের সুন্দরী প্যাট্রিসিয়া। আমেরিকার রক সংগীতশিল্পী স্টিভেন টেইলর ছিলেন এবারে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার জুরি বোর্ডের প্রধান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্যাব্রিয়েলাকে টুইটারে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা শুধু গ্যাব্রিয়েলার নয়, পুরো ভেনেজুয়েলার জয়। অবশ্য সুন্দরী প্রতিযোগিতায় বরাবরই এগিয়ে আছে ভেনেজুয়েলা। গত ছয় বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এরই মধ্যে তিনবার বিজয় মুকুট ছিনিয়ে নিয়েছে ভেনেজুয়েলার সুন্দরীরা। ২০০৮ সালে ডায়ানা মেন্দোজা ও ২০০৯ সালে স্টেফানিয়া ফার্নান্দেজ মিস ইউনিভার্স মুকুট পরেন। এখানে উল্লেখ্য, ভারতীয় প্রতিযোগী মেনাসি সেরা বিশে জায়গা করে নেন। এর আগে ২০০০ সালে অভিনেত্রী লারা দত্ত মিস ইউনিভার্স খেতাব অর্জন করেন।
জেনে নেওয়া যাক বিশ্বসুন্দরী গ্যাব্রিয়েলা সম্পর্কে কিছু কথা
মারিয়া গ্যাব্রিয়েলা ইসলার কারাবোবো এলাকার ভ্যালেন্সিয়ায় জন্মগ্রহণকারী ভেনেজুয়েলার ফ্যাশন মডেল ও সুন্দরী প্রতিযোগী। তিনি ২০১২ সালের মিস ভেনেজুয়েলা ও ২০১৩ সালের মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় জয়লাভ করেন। এ ছাড়াও, ওই প্রতিযোগিতাগুলোর পূর্বে ২০১২ সালের মিস গুয়ারিকো প্রতিযোগিতায়ও মুকুটধারী হন। বর্তমান মিস ইউনিভার্স পদবী ধারণকারী গ্যাব্রিয়েলা ইসলার রাশিয়ার মস্কোতে ৯ নভেম্বর মিস ইউনিভার্স সংস্থা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কালপোর কাছ থেকে এ মুকুট লাভ করেন। ৬ বছরের মধ্যে তিনি ভেনেজুয়েলার তৃতীয় সুন্দরী হিসেবে এ সৌভাগ্য অর্জন করেছেন। ইসলার ভ্যালেন্সিয়ায় জন্মগ্রহণ করলেও শৈশবকাল থেকেই তিনি মারাকে এলাকায় বসবাস করছেন। সেখানেই তিনি পড়াশোনা করেন। ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। ১.৭৮ মিটার (৫'-১০") উচ্চতার অধিকারী ইসলার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ২০১২ সালের জাতীয় সুন্দরী প্রতিযোগিতা মিস ভেনেজুয়েলায় অংশগ্রহণ করেন। ৩০ আগস্ট, ২০১২ তারিখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। মিস এলিগেন্স পুরস্কার প্রাপ্তির সাথে গুয়ারিকোর নবম মিস ভেনেজুয়েলা বিজয়ী হন। এরফলে তিনি ভেনেজুয়েলার পক্ষ থেকে ২০১৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। এ ছাড়াও মিস গুয়ারিকো প্রতিযোগিতার ২৪ প্রতিযোগীর অন্যতম হিসেবে শিরোপা লাভ করেন তিনি। গত ৯ নভেম্বর রাশিয়ার মস্কোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রতিযোগিতায় অবতীর্ণ হন ও মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। মুকুট লাভের মাধ্যমে প্রতিযোগিতার ইতিহাসে সপ্তম ভেনেজুয়েলীয় হিসেবে ইসলার নিজের অবস্থান গড়েন ও দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দেশের সুন্দরী হিসেবে জায়গা করেন নেন। ইসলারের এ জয়টি ২০০৮ সালের পর তৃতীয় শিরোপা হিসেবে বিবেচিত হয়েছে।
