অবশেষে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেসযোগে এক বস্তা ডেমো ট্রেনের টিকেট কসবা রেল স্টেশনে পৌঁছানো হয়েছে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে যাত্রীসাধারণকে ডেমো ট্রেনের সাধারণ টিকেট সরবরাহ না করায় সরকার রাজস্ব বঞ্চিত হওয়ার অভিযোগে কসবা রেল স্টেশনের ৩ কর্মকর্তাকে জরিমানাসহ এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক নির্দেশপত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে প্রায় দু’মাস যাবত্ কসবা রেলস্টেশনে ডেমো ট্রেনের যাত্রীদেরকে সাধারণ টিকেন সরবরাহ না করায় এবং সরকার ব্যাপক রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় রেল স্টেশনের ৩ কর্মকর্তাকে সমহারে ৭৮ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানকৃত কর্মকর্তারা হচ্ছেন: স্টেশন মাস্টার পি.কে বড়ুয়া, সহকারী স্টেশন মাস্টার মো: আবদুল জব্বার ও মো: জসিমউদ্দিন। তন্মধ্যে সহকারী স্টেশন মাস্টার মো: আবদুল জব্বারকে স্ট্যান্ড রিলিজ করে লালমাই স্টেশনে বদলি করা হয়েছে।
