কেন্দুয়ায় অটোরিকশা উল্টে কলেজছাত্র নিহত

আপডেট : ২১ মে ২০১৯, ০০:০৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশা উল্টে তোফায়েল (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় মারাত্মক আহত হয়েছে সতেরো মাস বয়সী এক শিশু। আহত ওই শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার চন্দগাতী-ব্রাহ্মণজাত সড়কের মহিলা মাদরাসার কাছে এ ঘটনা ঘটে।

তোফায়েল ব্রাহ্মণজাত গ্রামের আশিদ খানের ছেলে। সে কেন্দুয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্র।

স্থানীয়রা জানান, কলেজ শেষে কেন্দুয়া থেকে অটোরিকশা দিয়ে নিজের বাড়ি যাচ্ছিলেন তোফায়েল। পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হয় তোফায়েল ও মায়ের কোলে থাকা শিশু অলি হাসান। অলি হাসান উপজেলার রায়পুর গ্রামের রুজেল মিয়ার ছেলে।

পরে প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা এবং শিশু অলি হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, ময়নাতদন্ত ছাড়াই দুর্ঘটনায় নিহত তোফায়েলের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আরকেজি