দেশে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:০০
সর্বদলীয় সরকার গঠনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরো জাতি যখন উদ্বিগ্ন এবং সরকার ও বিরোধীদল যেহেতু দুই মেরুতে অবস্থান করছে, ঠিক সেই মুহূর্তে জাতির ভাগ্যাকাশ থেকে কালো মেঘ দূর করে দিতে পারে একমাত্র সর্বদলীয় সরকার। সর্বদলীয় সরকার বলতে সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একজন নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে স্বল্পসংখ্যক সদস্য নিয়ে গঠিত সরকারকে বুঝাচ্ছি। লক্ষ্য করুন পাঠক, এ সংজ্ঞায়নে আমি দলীয় প্রধান বলতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে বুঝাচ্ছি। এক্ষেত্রে সর্বদলীয় প্রধানকে আমরা স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে বেছে নিতে পারি কিংবা পারস্পরিক আলোচনার মাধ্যমেও ঠিক করা যেতে পারে। এ সরকারের প্রধান দায়িত্ব হবে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। যাদের মেয়াদ হবে সংবিধানে বর্ণিত ৯০ দিন এবং তারা কর্মের জন্যে মহামান্য রাষ্ট্রপতির নিকট জবাবদিহি করবেন। সর্বদলীয় সরকার একটি নতুন ধারণা এবং এক্ষেত্রে সংবিধানের কোনো ধরনের সংশোধনেরই প্রয়োজন হবে না। যদি বিএনপি নির্বাচন বর্জন করে তাহলে তার সমর্থকেরা জাতীয় পার্টির দিকে প্রবাহিত হতে পারে। এমতাবস্থায়, সর্বদলীয় সরকারই আমাদের ত্রাণকর্তা হতে পারে। এ সরকারই আমাদের পথ দেখাবে কিভাবে আমরা দৃপ্ত পদক্ষেপে সামনে এগিয়ে যাব। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রধান দুটি রাজনৈতিক দলকে তাদের হীনস্বার্থ পরিহার করে কাঁধে-কাঁধ মিলিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। মো. ইয়ামিন মাসুম বিবিএ (সম্মান), ৪র্থ বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ০০০০০ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় সরকার গঠন ও নিরপেক্ষ প্রশাসন দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের জন্য একমাত্র উপায় হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া। সেইসাথে প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। দেশের প্রধান দু’টি দল যদি সংলাপে না যায় তাহলে প্রতিনিয়ত মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, হরতাল, অবরোধের মত ধ্বংসাত্মক কাজ চলতে থাকবে। এতে দেশের অর্থনৈতিক সংকট দেখা দিবে। জিডিপির প্রবৃদ্ধির হার ক্রমাগত হ্রাস পাবে। নিম্ন-আয়ের লোকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই- আপনারা যদি ক্ষমতালোভী ও প্রতিহিংসার রাজনীতিতে মেতে থাকেন তাহলে আমরা নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে কি এই কলুষিত রাজনীতির শিক্ষা নেব? তাই দেশের প্রধান দু’টি দলের উচিত আপনারা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি পরিহার করে দেশ ও জনগণের স্বার্থে সংলাপে বসুন, সমঝোতায় যান এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন তাহলেই দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আর প্রশাসনের কথা বলি আমরা সাধারণ জনগণ ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনের উপর নির্ভরশীল। তাই প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের প্রশাসন হুকুমের গোলামে পরিণত হয়েছে। কারণ যে দলই যখন ক্ষমতায় যায় প্রশাসন তখন সেই দলের অধীনে চলে। এর প্রমাণ হল হরতাল চলাকালে দেখা যায় সরকার দলীয় ক্যাডার বাহিনী পুলিশের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তখন মনে হয় আইন-শৃঙ্খলা বাহিনীর যেন কিছুই করার নেই, তারা নির্বাক। অথচ আইনের চোখে সবাই সমান এটা সার্বজনীন। অতএব প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ তবেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। মো. নূরনবী আকন্দ অনার্স ২য় বর্ষ, অর্থনীতি বিভাগ সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ০০০০০ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অরাজনৈতিক ব্যক্তিকে করলে নির্বাচন সুষ্ঠু হবে বাংলাদেশে বর্তমান রাজনীতির অবস্থা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল একে অপরকে দলীয় স্বার্থে ছাড় দিতে নারাজ। দুই দলের দমন নীতি এবং হরতাল নীতির জন্য জনজীবনে দুর্ভোগ বর্তমানে চরম পর্যায়ে পৌঁছে গেছে। সাধারণ জনগণ ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এই ভোগান্তির অন্যতম কারণ হলো নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়ে। তবে সর্বদলীয় সরকার হতে পারে দুই দলের সমান সংখ্যক উপদেষ্টা নিয়ে। বিশেষ কর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিরপেক্ষ হতে হবে। তবেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এ ক্ষেত্রে প্রধান দুই রাজনীতি দল যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা করে এবং দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে সমাধানে পৌঁছে তবেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আবদুল মোতালেব (অনার্স) দ্বিতীয় বর্ষ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ০০০০০ রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকার প্রধান করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব আমাদের দেশের নব্বই ভাগ লোকই নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার পক্ষে। কারণ দলীয় সরকারের অধীনে কোনক্রমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন এক নয়। জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদল হয়। তাই জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির আশংকা থাকে বেশি। সুতরাং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয়, নিরপেক্ষ সরকার ব্যবহার বিকল্প নেই এবং এর প্রধান করতে হবে রাষ্ট্রপতিকে। রাসেল মাহমুদ চোকদার শেখ বোরহানউদ্দিন কলেজ নাজিমউদ্দিন রোড, ঢাকা