নির্বাচনে ভোটার প্রতি খরচের সীমা আট টাকা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৩
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারপ্রতি প্রার্থীদের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের খরচ ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী দুই একদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, নির্বাচন উপলক্ষে সারাদেশে ভোটকেন্দ্র ও ভোটদান কক্ষের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী খরচের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪ (বি) এর ৩ উপধারায় বলা আছে, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য নির্বাচনে বরাদ্দ দেয়া খরচসহ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার অধিক হইতে পারবে না। তবে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় তার নির্বাচনী এলাকার ভোটার সংখ্যার ভিত্তিতে মাথাপিছু হারে নির্ধারণ করা হবে। যা সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে।’ আগে এ খরচ ছিল ১৫ লাখ টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যয় বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়। এ হিসেবে আগে ভোটারপ্রতি খরচের হার ছিল ৫ টাকা। এবার তা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বেশি ভোটারের আসনে আট টাকা হিসাবে ব্যয়সীমা ২৫ লাখ অতিক্রম করলেও গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে খরচ ২৫ লাখের মধ্যেই রাখতে হবে। তফসিল ঘোষণার পর তিনশ আসনে ভোটারপ্রতি খরচ নির্ধারণের প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। এদিকে, দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ভোটকেন্দ্র ও ভোটদান কক্ষের প্রাথমিক নির্ধারণ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে সারাদেশে ৩৭ হাজার ৬৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে ভোটদান কক্ষ থাকবে ১ লাখ ৮৮ হাজার ৮৯৯টি। এ হিসাব মতে, রংপুর অঞ্চলে ভোটকেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৩৩০ ও ভোটদান কক্ষ ২১ হাজার ৩৭৬। এছাড়া রাজশাহীতে ভোটদান কেন্দ্র ৪ হাজার ৮১৬ ও ভোটদান কক্ষ ২৫ হাজার ২০৩, খুলনায় ৪ হাজার ৫৮৫ ও ভোটদান কক্ষ ২৩ হাজার ৩৪৬, বরিশালে ২ হাজার ২৪৩ ও ভোটদান কক্ষ ১১ হাজার ৭৩৭, ময়মনসিংহে ৪ হাজার ৪৯৯ ও ভোটদান কক্ষ ২৩ হাজার ৩১১, ঢাকায় ভোট কেন্দ্র ৫ হাজার ৭৪৮ ও ভোটদান কক্ষ ২৭ হাজার ৯১৮, ফরিদপুরে ভোটকেন্দ্র ১ হাজার ৯১৭ ও ভোটদান কক্ষ ৮ হাজার ৭৩৬, সিলেটে ভোটকেন্দ্র ২ হাজার ৬২৪ ও ভোটদান কক্ষ ১১ হাজার ৬২৮, কুমিল্লায় ভোটকেন্দ্র ৩ হাজার ৯৮৩ ও ভোটদান কক্ষ ২১ হাজার ৯৭ এবং চট্টগ্রামে ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮৫২ এবং ভোটদান কক্ষের সংখ্যা ১৪ হাজার ৫৪৭।